কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাগুর বাসস্ট্যান্ডে অবস্থিত চান্দিনা মেডিনোভা হসপিটালে সিজারের পর পরই অতিরিক্ত রক্তক্ষরণে মোসাঃ জান্নাত আক্তার (১৭) নামে এক প্রসূতির মৃত্যু অভিযোগ ওঠেছে। ঘটনার পর একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ৩ লাখ টাকার চেকের মাধ্যমে বিষয়টি রফাদফা হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিব্র ক্ষোভের ঝড় বইছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাগুর বাসস্ট্যান্ড চান্দিনা মেডিনোভা হসপিটালে। নিহতের নাম জান্নাত আক্তার (১৭) দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের মোঃ মবিন মিয়া মেয়ে।
একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোষ্ট ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্হানীয় একজনের অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তথ্য জানতে গিয়ে নিহত প্রসূতির পরিবারের লোকজন ও স্হানীয়রা সংবাদকর্মীদের কটু কথা, ধমকসহ বিভিন্ন বাক্য ব্যবহার করে। এসময় নিহতের বাবা মবিন মিয়া বলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমি বাড়াবাড়িতে যাবো না। আমার মেয়ে পর্দাশীল। বাড়াবাড়ি করলে আমার ক্ষতি হবে। সাংবাদিকদের বলেন আপনাদের তো বলি নাই আসতে, চলে যান। নিহতের চাচাতো ভাই (নাম অজ্ঞাত) সে এক পর্যায়ে সাংবাদিকদের উপর চড়াও হয়। তবে স্হানীয় একজন জানান চাপের মুখে ভয়ে তারা সমঝোতায় করতে বাধ্য হয়।
নিহতের স্বামী সাইফুল ইসলাম জানান, তাহার স্ত্রী গর্ববতী হওয়ার পর থেকে চান্দিনা মেডিনোভা হসপিটালে ডাক্তার সালমা আক্তার এর মাধ্যমে চিকিৎসা করান। গত শুক্রবার তাহার স্ত্রীর প্রসব বেদনা উঠলে চান্দিনা মেডিনোভা হসপিটাল নিয়ে যান। সেখানে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর নার্স ও ডাক্তাররা বলেন পর্যবেক্ষণে রেখেছি। যদি নরমাল ডেলিভারি না হয় সিজার করতে হবে। দীর্ঘ সময় নরমাল ডেলিভারি চেষ্টার পর হঠাৎ দুপুর ১টার সময় ডাক্তার সালমা আক্তার এসে বলেন দ্রুত অটি রুম রেডি করুন সিজার হবে। সিজারের পর নবজাতক ও প্রসূতিকে ওয়ার্ড রুমে না নিয়ে, ডাক্তারদের মধ্যে মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। বাহির থেকে অপারেশন রুমের হট্টগোল শুনতে পাই। ভেতর থেকে আওয়াজ পাই আরে কি করলেন। এরি মধ্যে একজন এসে আমাকে বলে দ্রুত রোগী(প্রসূতি)কে ঢাকা নিয়ে যান, এম্বুলেন্স নিয়ে আসেন। আমি তাৎক্ষণিক একটি এম্বুলেন্স নিয়ে আসি। তারপর ঢাকা দুরের পথ ভেবে দ্রুত কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় পেট যেমন ছিল, সিজারের পরেও তেমনি ছিল। পরে আমরা নবজাতকে এনআইসিইউতে ভর্তি করে, লাশ নিয়ে হাসপাতালে এসে দেখি সবাই পালিয়ে গেছে। আমার নবজাতক শিশু এখনো এনআইসিইউতে ভর্তি রয়েছে, তাহার অবস্থা আশংকাজনক।
নিহতের ভাই আলামিনসহ স্হানীয় একাধিক ব্যক্তি বলেন, যা হওয়ার হয়ে গেছে। আমরা মামলা করবো না। আপনারা চলে যান, কোন তথ্য দিতে চাই না। নিউজ করে কি হবে আমরা তো সমাধানে চলে গেছি। এসময় তারা নিহতের স্বামী ও তাহার মাকে আমাদের বক্তব্য বা কথা বলতে গেলে বাঁধা দেন তারা।
ঘটনার বিষয় জানতে চান্দিনা মেডিনোভা হসপিটালে গেলে হাসপাতালের পরিচালনা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে মুঠোফোন হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, রোগী তো আমাদের এখানে মারা যায়নি, এবিষয়ে কোন কথা বলবো না। পরে ৩ লাখ টাকায় রফাদফা ও ভুল সিজারে মৃত্যুর অভিযোগের কথা বললে তিনি উল্টো আমাকে প্রশ্ন করেন বলেন আমাকে কে বলছে ভুল সিজারের কথা। পরে তিনি নিজেই স্বীকার করে বলেন সিজারের সময় রোগী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। এবিষয়ে সিজারে সংশ্লিষ্ট ডাক্তারদের ফোন নাম্বার চাইলে তিনি দেননি। পরে ধমকি দিয়ে বলেন আপনি যা মন চায় করেন। এবিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।