কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মবিল নিয়ে এসে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে এসআই শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক হলেন- কাজী মনা (২০), মো.হাসান (২০), মো. সজিব (২০) ও মো.আল আমিন (২০)। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।