এসএসসি পরীক্ষার খাতা নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীকে দিয়ে দেখানোর অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং একই ঘটনায় উত্তরপত্র মূল্যায়নে সহায়তার অভিযোগে ওই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান কে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
রোববার ( ১২ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন,দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
গ্রেফতার কৃতরা হলেন – মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া( ৫২) ও একই স্কুলের
ছাত্র ও উত্তরপত্র মূল্যায়ন করা অভিযুক্ত মেহেদী হাসান( ১৫)।
পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায় – সম্প্রতি দেবীদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হয়। উক্ত ভিডিওতে দেখা যায়,আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাচ্চু মিয়া (৫২), তার এক ছাত্র মোঃ মেহেদী হাসান (১৫) কে দিয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্র মূল্যায়ন করতে থাকেন। উক্ত ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে বিষয়টি সারা দেশে আলোড়ন সৃষ্টি করলে, উক্ত ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসাঃ পাপিয়া আক্তার তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০- এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ এনে দেবীদ্বার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। যার মামলা নং- ৮। এদিকে শনিবার রাতে থানা পুলিশের এসআই মোহাম্মদ শাহাদৎ হোসাইন অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ বাচ্চু মিয়া (৫২),ও খাতা মূল্যায়নে জড়িত থাকা ছাত্র মোঃ মেহেদী হাসান (১৫) কে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।