কুমিল্লার দেবীদ্বারে এইচএসসি সমমানের পরীক্ষায় একজনও পাস করেনি, এমন একটি প্রতিষ্ঠানটি হলো উপজেলার বরকামতা ইউনিয়নের বাগমারা ইসলামীয়া আলিম মাদ্রাসা। বাগমারা ইসলামী আলিম মাদ্রাসা এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
রবিবার রাত ৯ টায় উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর জানান- কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১৫ টি কলেজ ও ১৩ টি মাদ্রাসার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মোট ২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ১৫১ জন। সে হিসাবে পাসের হার ৪২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, দেবীদ্বার উপজেলার চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফলাফল খারাপ হওয়ার কারণ চিহ্নিত করা হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।